মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফ সীমান্তে গত বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। এ সময় চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে।এ ঘটনায় সীমান্তে বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। জরুরিভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। গতকাল শুক্রবার ঘটনাস্থলে গেলে হরিপুর গ্রামের ছাইম উল্লা, জহুর আলীসহ শতাধিক গ্রামবাসী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাংলাদেশি চার চোরাকারবারি হরিপুর গ্রামের ১৮৫৯ নম্বর সীমান্ত খুঁটি এলাকা দিয়ে ভারতীয় অংশে প্রবেশ করলে এক বিএসএফ সদস্য তাদের আটক করে। চোরাকারবারিরা বিএসএফের রাইফেল ছিনিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। খবর পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং চোরাকারবারিদের লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এ সময় ভয়ে সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় চোরাকারবারিরা রাইফেল ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর ভারতীয় সীমান্তে বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। আতঙ্কে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ঘটনার পরে শরীফপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে হরিপুর গ্রামবাসীর নিরাপত্তায় সারা রাত পাহারা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিজিবি সদস্য জানান, এই সীমান্ত অন্যান্য সীমান্তের চেয়ে অনেক শান্ত। কিছুসংখ্যক চোরাকারবারির কারণে এ ঘটনা ঘটেছে। বিজিবি সূত্র জানায়, ঘটনা নিয়ে গতকাল সকালে ও বিকেলে চাতলাপুর চেকপোস্ট-সংলগ্ন এলাকায় বিএসএফ কোম্পানি কমান্ডার মনোজ কুমার ও বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমানের মধ্যে দুই দফা পতাকা বৈঠক হয়। এ বৈঠকে আহত বিএসএফ সদস্যের ছবি ও চোরাকারবারিদের নামের তালিকা বিজিবির কাছে হস্তান্তর করা হয়।