চোরাকারবারিদের সঙ্গে বিজিবির পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিজিবির একজন সদস্য আহত হয়েছেন। তাঁকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা ৭৮৯ প্যাকেট ভারতীয় জিরা জব্দ করেছেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে আক্কেলপুর থানায় দুটি মামলা করেছে।প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার শতাধিক চোরাকারবারি তাদের অবৈধ মালামাল রাজশাহীগামী তিতুমীর আন্তনগর এক্সপ্রেস ট্রেনে ওঠানোর জন্য জামালগঞ্জ রেলস্টেশনের পাশে একটি খাদে জড়ো করে রাখে। খবর পেয়ে বিজিবির জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ট্রেন আসার আগেই ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় ইটের আঘাতে বিজিবির সদস্য মাহবর রহমান আহত হন। খবর পেয়ে পুলিশ নিয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে যান। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা ৭৮৯ প্যাকেট ভারতীয় জিরা জব্দ করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, এ ঘটনায় জয়পুরহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার আইয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০-৪০ জন ব্যক্তিকে আসামি করে থানায় দুটি মামলা করেছেন।