চোরাকারবারিদের হামলায় আহত ২০
রাজশাহীর সীমান্তবর্তী চরখানপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে চোরাকারবারিদের হামলায় নারীসহ ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের শরীরে বন্দুকের গুলি লেগেছে বলে জানা গেছে। তাঁরা হলেন নগরের ডাসমারী এলাকার হাজেরা বেগম (৩০) ও চরখানপুর এলাকার মিলন (২০)। হাজেরা, মিলনসহ একই এলাকার আহত গিয়াস উদ্দিন (৪০), আহম্মদ আলী (৫০), মোহাম্মদ আলী (৫০) ও আবদুল্লাহকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের ভাষ্যমতে, রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এরশাদ আলী ও তাঁর লোকজন সোমবার রাতে চরখানপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকটি ভারতীয় মহিষ নিয়ে আসছিলেন। তবে মহিষগুলো আনার পথে হারিয়ে যায়। এ ঘটনায় এরশাদ আলীর লোকজন গতকাল সকালে চরখানপুর এলাকার এনামুল হককে তুলে নিয়ে যান। দুপুরের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই এরশাদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বন্দুক নিয়ে চরখানপুরে হামলা চালায়। এ সময় তারা গুলি ছুড়লে এলাকার নারী-পুরুষসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ছোটাছুটি করতে থাকে। এরই মধ্যে হাজেরা ও মিলন গুলিবিদ্ধ হন। এ সময় এরশাদের লোকজন গ্রামের সাধারণ মানুষদের পেটাতে শুরু করেন। প্রায় আধঘণ্টা মারধর করার পর তারা চলে যায়। এ সময় আরও ১৮ জন আহত হয়। এ বিষয়ে এরশাদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকার সাত জোড়া মহিষ ওই গ্রামে ছিনতাই হয়। সেখানে তাঁর নিজের কোনো মহিষ ছিল না। যারা ছিনতাই করেছে তারা বিজিবির টহল দলের কাছে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।