চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা রামভদ্রপুর গ্রামে চোরাচালান প্রতিরোধে ওঁৎ পেতে থাকেন। রাত আড়াইটার দিকে ১০০ থেকে ১৫০ জন চোরাকারবারি ফেনসিডিল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে দুজনকে ধরে ফেলেন। অন্য চোরাচালানিরা একত্র হয়ে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। এ সময় চোরাকারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে বিজিবি সদস্য মাসুদ মিয়া আহত হন। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে ১১টি গুলি ছোড়েন। ওই সময় তাদের ফেলে যাওয়া ৭০০ বোতল ফেনসিডিল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।বিজিবি জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।