চোরাকারবারির গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গতকাল শুক্রবার চোরাকারবারির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (২৭)। তাঁর বাড়ি চারঘাট উপজেলার রাওথা গ্রামে। ওই ঘটনায় অভিযুক্ত চোরাকারবারি বাঘার হেলালপুর গ্রামের সামাদ মোল্লাকে (৩৫) এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, র‌্যাব সম্প্রতি একটি মামলায় সামাদ মোল্লাকে গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় সামাদ পালিয়ে যান। তখন র‌্যাবের সদস্যরা তাঁর ভাই কালাম মোল্লাকে গ্রেপ্তার করেন। কয়েক দিন আগে সামাদের একটি ফেনসিডিলের চালান লুট হয়। সামাদের দাবি, হাবিবুর রহমানের ভাই সাদেক আলী তাঁর কাছে পাওনা টাকা না পেয়ে এই ফেনসিডিল লুট করেন। গতকাল বিকেলে তিনি (সামাদ) বাঘার মীরগঞ্জ হাইস্কুলের মাঠে আসেন। খবর পেয়ে সাদেক আলীও সেখানে আসেন। তাঁদের মধ্যে ফেনসিডিল ও পাওনা টাকা নিয়ে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সামাদ পিস্তল বের করে সাদেককে গুলি করেন। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় হাবিবুর রহমান ছুটে এলে সামাদ তাঁকেও গুলি করেন। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তাঁর মৃত্যু হয়। চারঘাট থানার পুলিশ হাবিবুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, সামাদের নামে চোরাচালানের মামলা রয়েছে। গণপিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।