বিএনপির যেকোনো পর্যায়ের নেতাকে গ্রেপ্তারের প্রস্তুতি
চোরাগোপ্তা হামলা ঠেকাতে ক্ষমতা পাচ্ছে পুলিশ
বিশ্ব ইজতেমার পর আরও কঠোর হবে সরকার ও আওয়ামী লীগ। সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে বিএনপির যেকোনো পর্যায়ের নেতাকে গ্রেপ্তারও করা হতে পারে। চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথাও ভাবছে সরকার।
সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী গতকাল শনিবার দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বর্তমান পরিস্থিতিতে কঠোর মনোভাব দেখিয়েছেন; বিশেষ করে ইজতেমার সময় অবরোধ অব্যাহত রাখা, রেললাইনে নাশকতা এবং নিরীহ মানুষের ওপর চোরাগোপ্তা হামলার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আওয়ামী লীগের নেতারা জানান, ১৬ থেকে ১৮ জানুয়ারি দ্বিতীয় দফা ইজতেমা পর্যন্ত সরকার অপেক্ষা করবে। এরপর বাড়াবাড়ি হলে বিরোধী দলের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠপর্যায় পর্যন্ত কোথাও ন্যূনতম সহনশীলতা দেখানো হবে না। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় ও উপদেষ্টামণ্ডলীর জরুরি বৈঠকেও দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন, সহিংসতা বন্ধ না করলে যত বড় নেতাই হোন, তাঁকে লালঘরে যেতে হবে। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শমসের মবিন চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।
জানতে চাইলে আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দফা ইজতেমার পর সরকারের অবস্থান আরও কঠোর হবে। বিএনপির যত বড় নেতাই হোন গ্রেপ্তার করা হবে। অপর একজন জ্যেষ্ঠ মন্ত্রী জানান, বিএনপি যত চেষ্টাই করুক, ২০১৯ সালের আগে দেশে নির্বাচন হবে না।
দলীয় নেতারা জানান, অবরোধের মধ্যে রেল ও যানবাহন স্বাভাবিক রাখতে সারা দেশে আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি বিজিবিও নামানো হবে। চার-পাঁচ দিনের মধ্যে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে বলে সরকারের উচ্চপর্যায়ের ধারণা।
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, খুব দ্রুত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। খালেদা জিয়া এ মামলায় হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে সরকারের নির্বাহী আদেশে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম।
ইজতেমার পর সারা দেশে আওয়ামী লীগকে আরও সক্রিয় করার পরিকল্পনা আছে দলীয় নেতাদের। কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় দলের তৃণমূল পর্যায়কে জেলা-উপজেলায় সভা-সমাবেশ করার জন্য বলা হয়েছে। মহাসড়ক ও রেলপথ এলাকায় দলের সংশ্লিষ্ট শাখাকে সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্তির পর কাল সোমবার রাজধানীতে বড় রকমের সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কৌশল আঁচ করতে পেরেই দলীয় ১০ জানুয়ারির সমাবেশ পেছানো হয়। বিএনপিকে চাপে রাখতেই সরকার এ কৌশল নিয়েছে। ১২ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে বিএনপি সমাবেশ করলে নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগের মতোই রাজপথে থাকবেন।
যৌথ সভা: আগামীকালের সমাবেশ সফল করতে ঢাকার পার্শ্ববর্তী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে গতকাল দলের ধানমন্ডির কার্যালয়ে যৌথ সভা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার আশঙ্কা করা হয়। তাই এ বিষয়ে সতর্ক থাকতে ঢাকার পার্শ্ববর্তী জেলা নেতাদের নির্দেশ দেওয়া হয়। আজ সকাল থেকেই ঢাকার প্রবেশদ্বারগুলো, বিশ্ব ইজতেমা কেন্দ্রের আশপাশ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নেবেন।