চোরাগোপ্তা হামলায় কলেজ ছাত্রলীগের দুই নেতা আহত
সিলেট নগরের বালুচরে গতকাল শুক্রবার সকালে চোরাগোপ্তা হামলায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান (২৪) ও সাংগঠনিক সম্পাদক নির্মল পাল (২৩) আহত হয়েছেন। তাঁদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌরভ ও নির্মল কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সিলেটে গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছাত্রশিবির চোরাগোপ্তা হামলা চালিয়ে দুজনকে আহত করেছে বলে তাঁদের সহকর্মীদের ধারণা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পরীক্ষায় অংশ নিতে রিকশাযোগে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন সৌরভ ও নির্মল। বালুচরে পৌঁছানোর পর তিনটি মোটরসাইকেলে সাত-আটজন যুবক এসে রামদা উঁচিয়ে রিকশার গতি রোধ করে। এ সময় সৌরভ ও নির্মল রিকশা থেকে নামলে ধাওয়া করে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায় যুবকেরা। খবর পেয়ে সহপাঠীরা গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সৌরভের পায়ে ও এক হাতে এবং নির্মলের পিঠে জখম হয়েছে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল হক জানান, সৌরভ ও নির্মল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে তাঁরা দুজন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অংশ নিতেন। এ কারণে আক্রোশ থেকে শিবিরের ক্যাডাররা হামলা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সিলেট মহানগরের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। হামলাকারীদের শনাক্ত করতে ওই এলাকায় পুলিশের একটি দল তৎপরতা চালিয়েছে।