চোরাগোপ্তা হামলার জন্য বিএনপি দায়ী: প্রধানমন্ত্রী
সারা দেশে ‘চোরাগোপ্তা’ হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির এক নেতা বলেছেন, ‘চোরাগোপ্তা আন্দোলন করবে। চোরাগোপ্তা আন্দোলন করে নাকি সরকারের পতন ঘটাবে। যাদের চুরি করার অভ্যাস, চোর চোর মন, যারা হত্যা ও চোরাগোপ্তা হামলার রাজনীতিতে বিশ্বাস করে, তারাই এসব করে। এখন দেশে যে চোরাগোপ্তা হত্যাকাণ্ড হচ্ছে, এর জন্য তারাই যে দায়ী, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই।’
মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া আমেরিকার কাছে চিঠি পাঠিয়েছিলেন জিএসপি-সুবিধা বাতিল করার জন্য। তাঁর চিঠিতেই জিএসপি-সুবিধা বন্ধ হয়েছে। নালিশ করলে বালিশ পেতে হয়, ভাঙা জুতার বাড়ি খেতে হয়। তাই তিনি আজ বালিশ পেয়েছেন।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ সিমিন হোসেন, সাংসদ জাহিদ আহসান প্রমুখ।
শ্রমিক মরবে, মালিক বিলাসিতা করবে, তা হবে না: মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে শ্রম মন্ত্রণালয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী ‘বাইরে কারোর প্ররোচনায় বা উসকানিতে’ অন্যায্য দাবি নিয়ে শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানান।
একই সঙ্গে মালিকদেরও শ্রমিকদের প্রতি সুবিচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে শ্রমিক না খেয়ে মারা যাবে। আর মালিক বিলাসিতা করবে—এটি হতে দেওয়া হবে না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, মন্নুজান সুফিয়ান প্রমুখ।