চোরাগোপ্তা হামলার শিকার ছাত্রলীগ ও পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দেড় মাসে পাঁচটি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, সবগুলো হামলার ধরন একই। এতে এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের অপর তিন নেতা-কর্মী ও পুলিশের এক সদস্য (কনস্টেবল)।সর্বশেষ ৬ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ বেতার রাজশাহীর সম্প্রচার কেন্দ্রের ভেতরে শরীফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।এর আগে গত ২০ অক্টোবর বেলা একটার দিকে বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ছাত্রলীগের কর্মী ইমরান হোসেন ওরফে ডেভিডের ওপর দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। একই দিন সন্ধ্যায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুর রহিমকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। আবদুর রহিম রাতেই হাসপাতালে মারা যান। ছাত্রলীগের দাবি, আবদুর রহিম তাঁদের কর্মী ছিলেন।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ-জামান বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এগুলো সব জামায়াত-শিবিরের কাজ। সবগুলো হামলার ধরন প্রায় একই রকম।গত ২৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ওরফে রতনের ওপর নগরের আরডিএ মার্কেটের সামনে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী হামলা চালায়। তাঁকে ছুরি, চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এই হামলার পর পুলিশ সেখান থেকে একটি মুঠোফোন উদ্ধার করে। যার সূত্র ধরে পুলিশ দুই হামলাকারীকে গ্রেপ্তারও করে। এই মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক ওমর শরীফ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া প্রথম দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, তাঁরা জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলাকারী স্কোয়াডের সদস্য।চোরাগোপ্তা হামলার বড় শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান তাকিম। ২১ নভেম্বর রাত আটটার দিকে ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান, বৃত্ত ও আরিফ বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ১০-১২ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আখেরুজ্জামানকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর বাঁ পায়ের ও হাতের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত আখেরুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এখনো আখেরুজ্জামানকে ওই হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।আখেরুজ্জামানের ওপর হামলার পর নগরের বোয়ালিয়া থানার পুলিশ রাতেই জামায়াতের রাজশাহী মহানগর কমিটির কার্যপরিষদের শুরা সদস্যসহ চারজনকে আটক করে। পরের দিন আরও দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ জনের নাম দিয়ে নগরের মতিহার থানায় একটি মামলা করা হয়।