মোট ৩০টি কারণে সীমান্তপথে চোরাচালান এবং নারী ও শিশু পাচার সংঘটিত হয়। এর মধ্যে চোরাচালানের কারণ নয়টি এবং নারী ও শিশু পাচারের কারণ ২১টি। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এক সেমিনারে বিজিবির পক্ষ থেকে এ কথা বলা হয়।‘সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধের জন্য বিজিবির সার্বিক ব্যবস্থার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই সেমিনার অনুষ্ঠিত হয়।৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের জিএসও-২ মেজর মো. মেহেদী হাসান। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. আবু মাসউদ। সেমিনারে প্যানেল আলোচক ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল হক, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রমুখ।সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।সেমিনারে বলা হয়, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিশাল সীমান্ত এলাকায় প্রহরা এবং চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বেশ কিছু দায়িত্ব পালন করে বিজিবি। দায়িত্ব পালনকালে বিজিবি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা দূরীকরণের বিষয়টি ভেবে দেখার সময় এসেছে।সেমিনারে বলা হয়, অসাধু লোকজন দরিদ্র লোকদের প্রলোভন দেখিয়ে চোরাচালানে এবং নারী ও শিশু পাচারে সম্পৃক্ত করে থাকে। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছে বিজিবি।সীমান্তে চোরাচালানের জন্য চিহ্নিত করা নয়টি কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: দারিদ্র্য, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকা, অল্প শ্রমে অধিক অর্থলোভ, চোরাচালান দমনে পদক্ষেপের অভাব।নারী ও শিশু পাচারের ২১টি কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি, মিথ্যা বিবাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ, যৌতুকের প্রবণতা বৃদ্ধি, পরিবারে নারী ও শিশুদের প্রতি অবহেলা ও বৈষম্য, শিক্ষার নিম্নহার, দারিদ্র্য, বেকারত্ব, কার্যকর আইনের অভাব, আইন প্রয়োগকারী সংস্থার অপ্রতুলতা ইত্যাদি।সেমিনারে পাচারকারীদের নারী ও শিশু সংগ্রহের বেশ কিছু কৌশল তুলে ধরা হয়। কৌশলগুলো হচ্ছে: ভালো চাকরি ও বেতনের মিথ্যা প্রলোভন, জোরপূর্বক বিয়ে, মিথ্যা বিয়ে, মিথ্যা প্রেম, প্রতারণার মাধ্যমে নিজের স্ত্রীকে বিক্রি, ভালো খাবার ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ, ধর্ষণ বা নির্যাতনের মাধ্যমে নারী ও মেয়ে শিশুদের অসহায় প্রতিপন্ন করা ইত্যাদি।এসব বিষয়ে সতর্ক থাকার জন্য সেমিনারে সবাইকে পরামর্শ দেওয়া হয়।