চোরাচালান, মাছে ফরমালিন, দুই জেলায় পাঁচজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গত মঙ্গলবার মাদকদ্রব্যসহ ভারতীয় পণ্য চোরাচালানের দায়ে ভ্রাম্যমাণ আদালত চার নারীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। একই দিন বান্দরবানে মাছে ফরমালিন দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।যশোরে দণ্ড পাওয়া চার নারী হচ্ছেন শহরের রেলগেট এলাকার রেহেনা বেগম (৪০), হালিমা বেগম (৩৮), রেনু (৩৫) ও রায়পাড়া এলাকার হালিমা বেগম (৪০)।মঙ্গলবার বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রেন যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত এটিতে অভিযান চালায়। এ সময় ট্রেন থেকে ভারতীয় মদ, ফেনসিডিলসহ ২২ ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন। এস এম সোহরাব হোসেন প্রথম আলোকে জানান, জব্দকৃত পণ্যের দাম পাঁচ লক্ষাধিক টাকা। একটি চোরাচালান চক্র বেনাপোল থেকে অবৈধভাবে প্রতিনিয়ত ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। ওই চার নারী এ চক্রের সদস্য। এই অভিযানের সময় র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া ওই চার নারীকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।আদালত মঙ্গলবার বান্দরবানের মাছের বাজারে অভিযান চালিয়ে সুখবিলাস দাশ (৪০) নামের এক মাছ ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। মাছে ফরমালিন দেওয়ার দায়ে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক। অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তিনি মঙ্গলবার ওই বাজারে আকস্মিক অভিযান চালিয়ে সুখবিলাসকে লটিয়া মাছে ফরমালিন লাগাতে দেখেন। সুখবিলাস প্রথমে অস্বীকার করলেও পরে মাছে ফরমালিন দেওয়ার কথা স্বীকার করেছেন।