চোরাচালান আইন সংশোধনের সিদ্ধান্ত, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাচালান-সংক্রান্ত মামলার শাস্তি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের কার্যক্রমের সঙ্গে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সরকারি আইনজীবীদের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৫০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চার মাসের চিত্র তুলে ধরে বলা হয়, এই সময়ের মধ্যে চোরাচালান মামলার নিষ্পত্তিতে ধীরগতি দেখা গেছে, আসামি গ্রেপ্তারের সংখ্যাও কম। আবার এ ধরনের মামলার আসামিরা উল্লেখযোগ্য হারে খালাস পেয়ে গেছে।এ অবস্থার প্রেক্ষাপটে সভার সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, চোরাচালান প্রতিরোধ আইন সংশোধন করে অজামিনযোগ্য ধারা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে।সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি, সাত বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় উত্থাপিত তথ্যে দেখা যাচ্ছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সারা দেশে চোরাচালান-সংক্রান্ত তিন হাজার ৭০৪টি মামলা হয়েছে। তদন্ত চলছে এক হাজার ২৪২টির। বিচারাধীন দুই হাজার ৪২৪টি। বিচার শেষ হওয়া ৪৮৯টি মামলায় ৫৯৫ জনের সাজা হয়েছে এবং ২০১টি মামলায় ২৯২ জন আসামি খালাস পেয়েছে। দুই হাজার ৬৭৫টি মামলার নিষ্পত্তি হয়নি। ওই সময়ে মোট মামলা হয়েছে ৩৭ হাজার ৯৮৩টি। এর মধ্যে তদন্ত চলছে দুই হাজার ৯২৩টির। বিচারাধীন রয়েছে ৩৬ হাজার ২৭৮টি। মোট মামলার তুলনায় নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা অনেক কম।আটক করা চোরাচালান মালামালের মধ্যে বেশির ভাগই গাঁজা, হেরোইন, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য। চার মাসে আগ্নেয়াস্ত্র উদ্ধার দেখানো হয়েছে ৫৭৬টি। অবশ্য কোনো আসামি গ্রেপ্তারের তথ্য নেই। আগ্নেয়াস্ত্র উদ্ধার সংখ্যার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, এখন আর ট্রাকে করে অস্ত্র চালান হয় না। এই সরকারের সময়ে আগ্নেয়াস্ত্র চোরাচালান অনেক কমে গেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্রের ব্যবসা হবে না। চোরাচালানিদের গডফাদারদের তালিকা করে ধরার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের ঘোষণা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া। কাজ চলছে। সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে নিখুঁত তালিকা করা হবে। যেকোনো মূল্যে চোরাচালান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দমন করা হবে।