চোরাচালান কাজে শিশুদের ব্যবহার না করতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে কোমলমতি শিশুদের চোরাচালান থেকে বিরত রাখতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে গতকাল সোমবার সমাবেশ হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী সমাবেশে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।দুপুর ১২টায় পরিষদের চত্বর থেকে বের হয়ে একটি শোভাযাত্রা সীমান্তবর্তী বালুরচর, রেলস্টেশন ও চুড়িপট্টি এলাকা প্রদক্ষিণ ও খণ্ড খণ্ড সমাবেশ করে। এতে বক্তারা শিশুদের চোরাচালানের কাজে ব্যবহার না করা এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, চোরাচালানের কাজে শিশুদের ব্যবহার গভীর উদ্বেগের বিষয়। বহিরাগত লোকজন এখানে এসে আস্তানা গেড়ে শিশুদের চোরাচালানের কাজে ব্যবহার করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন বলেন, সমাজের অসৎ ব্যক্তিরা কোমলমতি শিশুদের অবৈধ এই কাজে ব্যবহার করছে।