চোরাচালান প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিডিআর ও কোস্টগার্ডকে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার চোরাচালান প্রতিরোধ কমিটির ৪৭তম সভায় তিনি এ নির্দেশ দেন। সাহারা খাতুন বলেন, মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে এ-সংক্রান্ত যে আইন রয়েছে তা আরও কঠোর করা হবে। বিভিন্ন স্থানে সীমান্ত পিলার ভেঙে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অনেক অংশে ভারতের এবং ভারতের অনেক অংশে বাংলাদেশের পিলার ঢুকে যাচ্ছে। এ ব্যাপারে বিডিআর ও কোস্টগার্ডকে সতর্ক থাকতে হবে। বৈঠক সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে গত বছরের আগস্ট থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত সারা দেশে তিন লাখ ৪০ হাজার অভিযান চালানো হয়। এতে ২২৯টি আগ্নেয়াস্ত্র ও ৪২২ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। বর্তমানে ২২ হাজার ৯৬৭টি চোরাচালানের মামলা অনিষ্পন্ন আছে। তদন্তাধীন আছে তিন হাজার ৯৬৯টি মামলা। এ বিষয়ে সাহারা খাতুন বলেন, অনিষ্পন্ন এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, রেলের মাধ্যমে চোরাকারবারিরা পণ্য পাচার করে। নির্দিষ্ট স্টেশনে না থামিয়ে ট্রেন যেখানে-সেখানে থামিয়ে মালামাল উঠানো-নামানো হয়। ট্রেন যেখানে-সেখানে না থামানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোহবান শিকদার, বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।