চোরাচালান মামলার ৪০ কেজি রুপা আসামির অংশীদারের জিম্মায়
চোরাচালান মামলায় জব্দ করা আলামত ৪০ কেজি রুপা এক আসামির ব্যবসায়িক অংশীদারের জিম্মায় দেওয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম চমন চৌধুরী এ আদেশ দেন।২৯ সেপ্টেম্বর ওই রুপার মালিক দাবিদার আবদুল মান্নান খানের জিম্মায় দেওয়া হয়। আদালতে দাখিল করা নথিতে দেখা যায়, এ মামলার আসামি শেখ আসলাম আলী ও মান্নান খান দুজনেই মেসার্স ব্রাইট এন্টারপ্রাইজের ব্যবসায়িক অংশীদার। বিষয়টি জানাজানি হলে আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।আদালত সূত্র জানায়, মান্নান ওই রুপার মালিকানা দাবি করে নিজের জিম্মায় নেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। ৮ সেপ্টেম্বর একই বিচারক ওই আবেদন নাকচ করে ৯ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। ওই আদেশে বলা হয়, মামলাটি সম্পূর্ণ আলামতনির্ভর। বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। সংশ্লিষ্ট সাক্ষীর দ্বারা আলামত পরীক্ষা করা হয়নি। ইতিপূর্বেও দরখাস্তকারীর আবেদন নাকচ করা হয়েছে। পরে আবার আবেদন করা হয়।এ মামলার নথির খোঁজ করলে ওই আদালতের পেশকার গত রোববার মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, নথি বিচারকের টেবিলে আদেশের জন্য রয়েছে। আদেশ না হওয়া পর্যন্ত নথি দেখানো যাবে না।পরদিন (সোমবার) ওই নথি পর্যালোচনা করে দেখা যায়, আদালত ২৬ সেপ্টেম্বরই মান্নানের জিম্মায় জব্দ করা আলামত দেওয়ার আদেশ দেন। ২৯ সেপ্টেম্বর তা বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পরে জানতে চাইলে পেশকার মোয়াজ্জেম বলেন, আদালত একবার আবেদন নাকচ করেছেন বলে পরে দিতে পারবেন না, এটা ঠিক না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর বিচারক আদালতের কাজ বুঝিয়ে দিয়ে বদলিস্থলে চলে গেছেন। ৯ অক্টোবর রাষ্ট্রপক্ষে সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে কোনো সাক্ষী আসেননি।এ প্রসঙ্গে সরকারি কৌঁসুলি এস এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, জিম্মাদার পক্ষে ধার্য তারিখের আগে ফৌজদারি কার্যবিধির ৫১৭(৪) ধারায় আবেদন করা হয়েছে। তিনি ধার্য তারিখের আগে আলামত দেওয়ার বিষয়ে শুনানি করতে অপারগতা জানান। কিন্তু আদালত শুনানি নেন এবং পরে ওই ব্যক্তির জিম্মায় দেওয়ার আদেশ দেন। কয়েকজন আইনজীবী বলেন, আদালতের আদেশেই বলা হয়েছে, মামলাটি আলামতনির্ভর। তাই রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই আলামত সঠিকভাবে চিহ্নিত করতে না পারলে এতে আসামিপক্ষ সুবিধা পেতে পারেন।মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১০ অক্টোবর রাজধানীর সূত্রাপুর থানার হাটখোলা রোডে ৪০ কেজি রুপার অলংকারসহ নূরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, ওই রুপার মালিক শেখ আসলাম আলী। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ এর (১)-এর (খ) ধারায় সূত্রাপুর থানায় মামলা হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর নূরুল ও আসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পুলিশ জানায়, আবদুল মান্নানের বিরুদ্ধে ২০০৭ সালে ১৩ কেজি স্বর্ণ চোরাচালান, ২০০৬ সালে ১৭৩ ভরি স্বর্ণ চোরাচালানের মামলা এবং দর্শনার বিএনপির নেতা ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যা মামলা রয়েছে। এ তিন মামলায়ই তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। পুলিশের সূত্র জানায়, মান্নানসহ আটজন ব্রাইট এন্টারপ্রাইজের নামের ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। নিহত সাইফুল ও মান্নানও একসময় একসঙ্গে ব্যবসা করতেন।