ঈদ সামনে রেখে রেলপথে চোরাচালান ও লিঙ্গপ্রতিবন্ধীদের (হিজড়া) উৎপাত বেড়ে যাওয়ায় ট্রেনের যাত্রীরা নাজেহাল হচ্ছে। হিলি স্থলবন্দর স্টেশন থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত চোরাচালানি চক্র সক্রিয় রয়েছে।
সরেজমিন ট্রেনগুলোতে ঘুরে দেখা গেছে, ঈশ্বরদী, নাটোর ও সান্তাহার জংশন থেকে প্রতিদিন কয়েক শ চোরাচালানি দিনাজপুরের হিলি স্টেশনসহ আশপাশের কয়েকটি স্টেশনে যাতায়াত করে। তারা ওই স্টেশনগুলো থেকে ভারতীয় পণ্য পরিবহন করে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের মসলা, শাড়ি, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য।
মালামাল আনার সময় চোরাচালানকারীরা যাত্রীদের নির্ধারিত আসনগুলো দখল করে নেয়। আসন ছাড়তে বললে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনাও ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও কামরায় দায়িত্বরত কর্মচারীরাও এসব ঘটনায় নীরব ভূমিকা পালন করেন।
দেখা গেছে দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ঢাকা, রাজশাহী এবং খুলনাগামী আন্তনগর ও মেইল ট্রেনগুলো হিলি স্টেশনের পাশের কয়েকটি স্টেশনে এলেই শত শত চোরাচালানি বস্তা বোঝাই করে বিভিন্ন ভারতীয় মালামাল নিয়ে ট্রেনে উঠে পড়ে। তারা যাত্রীদের নির্ধারিত আসন ও মালামাল রাখার জায়গা দখল করে নেয়।
হিলি স্টেশনের আশপাশের স্টেশনগুলোতে এলেই চালকেরা ট্রেন থামিয়ে দেন। এ সময় বিজিবির উপস্থিতিতেই ভারতীয় কালোবাজারি চক্র বাংলাদেশের সীমানায় ঢুকে ট্রেনের পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি চোরাচালানকারীদের কাছে মালামাল পৌঁছে দেয়।
এ বিষয়ে জয়পুরহাট বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল খসরু সাব্বির আলী বলেন, এ বিষয়ে তিনি ইতিমধ্যেই অবগত হয়েছেন। এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনাও করেছেন।
রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শায়েখুল ইসলাম জানান, তিনি বিরামপুর থেকে সান্তাহার আসছিলেন। ট্রেনটি জামালগঞ্জ স্টেশনে থামার পর শতাধিক বস্তা মালামাল নিয়ে চোরাচালানিদের একটি দল ট্রেনের বিভিন্ন কামরায় দখলে নেয়। পরে ট্রেনের লাইনম্যানরা চোরাচালানিদের কাছ থেকে টাকা তোলেন। প্রতিদিন শত শত চোরাচালানি ট্রেনে চলাচল করলেও তাদের কোনো টিকিট কাটতে হয় না।
চোরাচালানিদের পাশাপাশি ঢাকাগামী ট্রেনে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীরা। ঢাকাগামী একতা, দ্রুতযান, নীলসাগর, রংপুর ও লালমনি আন্তনগর এক্সপ্রেস ট্রেনে হিজড়াদের নিয়মিত চাঁদাবাজি চলে।
দ্রুতযান ট্রেনের যাত্রী সান্তাহার শহরের সোহাগ হোসেন বলেন, সাত-আটজন হিজড়া দলবদ্ধ হয়ে ট্রেনে উঠে পড়ে। এরপর তারা বিভিন্ন কৌশলে যাত্রীদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসব ঘটনায় পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিস্ক্রিয় থাকেন। অনেক সময় তারা চাঁদা না পেয়ে যাত্রীদের মালামাল নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে রেলওয়ে পুলিশ সুপার (এসআরপি) গোলাম মোস্তফা বলেন, বিষয়গুলো নিয়ে আগামী আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হবে। এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।