চোরাচালানি-বিজিবি গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভারত সীমান্তসংলগ্ন জামালপুর গ্রামে গত শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় মাজহারুল ইসলাম নামের বিজিবির এক সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সোনা ভানু (৬০) নামের এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিনিময়ের সময় নাসির আলী (২৫) নামের এক চোরাচালানিকে আটক করেছেন বিজিবি জামালপুর ক্যাম্পের সদস্যরা। দৌলতপুর থানার পুলিশ ও বিজিবি জামালপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শাজাহান আলীর বাড়িতে চোরাই পণ্য মজুদ আছে—এমন সংবাদে বিজিবির সদস্যরা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান চালান। এ সময় শাজাহানের নেতৃত্বে ৮-১০ জন চোরাকারবারি বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে শাজাহান পায়ে গুলিবিদ্ধ হলে চোরাকারবারিরা পিছু হটে। ঘটনার সময় নাসির আলী নামের এক চোরাচালানিকে বিজিবি আটক করে। বিজিবির একজন সদস্য পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও পুলিশ ও বিজিবি তা অস্বীকার করেছেন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ও র‌্যাবের হোসেনাবাদ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এলাকাবাসী জানান, শাজাহান ওই এলাকার চোরাচালানি চক্রের প্রধান। ঘটনার সময় সাত-আটটি গুলির শব্দ শোনা গেছে। আহত কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। একজন চোরাচালানিকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। পায়ে গুলি লেগে সোনা ভানু নামের এক নারী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে শোনা গেছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।৩২ বিজিবির মেজর কাজী আরমান হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির একজন সদস্য সামান্য আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর মিরপুর সেক্টরে নেওয়া হয়েছে।