চোরাচালানি-বিজিবি সংঘর্ষে আহত ৩ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির আটক করা চোরাই কাঠ ছিনিয়ে নেওয়ার সময় চোরাচালানি ও বিজিবি সদস্যদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকায় গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চার ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাত ১১টায় লালঘাট এলাকা দিয়ে ভারতীয় চোরাই কাঠ পাচার হবে—এমন তথ্য আসে বিজিবির বালিয়াঘাট ফাঁড়িতে। পরে ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার শাহজাহানের নেতৃত্বে একটি দল সমসার হাওরের পাড় থেকে ৫০ থেকে ৬০টি ভারতীয় গোলকাঠ আটক করে। এ খবর পেয়ে চোরাচালানিদের একটি দল ও গ্রামবাসী সেখানে গিয়ে বিজিবি সদস্যদের কাছ থেকে আটক চোরাই কাঠ ছিনিয়ে নেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে হাবিলদার শাহজাহান (৪৫), বিজিবি সদস্য শামীম (২৫) এবং সোর্স কালাম মিয়া আহত হন।খবর পেয়ে পাশের টেকেরঘাট, চানপুর, বারিয়াঘাট ও চারাগাঁও সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গিয়ে চারজনকে আটক করেন। এঁরা হলেন হবিনুর (৩৫), আলী নুর (৩০), আদম আলী (২৫) ও আবদুল মজিদ (৪০)। পরে তাহিরপুর থানায় এই চারজনসহ ১৪ জনের নাম উল্লেখ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়। সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।