চোরাচালানিদের দাপটে যাত্রীরা অসহায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জুলাই রোববার ভোর! জয়পুরহাট রেলস্টেশন।বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে ও হেঁটে নারী-পুরুষ ভারতীয় জিরা, স্টিলের তৈজসপত্র ও শাড়ি নিয়ে স্টেশনের দুই পাশে অবস্থান করছে।এ সময় তাদের কাছ থেকে ১২০-১৫০ টাকা করে আদায় করেন তিনজন লাইনম্যান। এরপর তাদের ছোট্ট হলুদ রসিদ দেওয়া হয়। লাঙল প্রতীক দেওয়া এসব রশিদে গত রোববারের তারিখ ছিল।ওই দিন দুপুর। হিলি রেলস্টেশনের দক্ষিণ পাশে ২৮৫ মেইন পিলার ও এর দক্ষিণে ফুটবল খেলার মাঠসংলগ্ন এলাকায় চোরাচালানিরা ট্রেন থামিয়ে রেললাইনের পশ্চিম পাশের ভারতীয় অংশ থেকে বিপুল পরিমাণ আমদানি-নিষিদ্ধ পণ্য ট্রেনে ওঠায়।অভিযোগ রয়েছে, ট্রেনচালক টাকার বিনিময়ে ট্রেন থামিয়ে চোরাই মাল পরিবহনে চোরাকারবারিদের মদদ দিয়ে থাকেন।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ক্যাম্পের অধীন ৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশের সীমান্ত দিয়ে চোরাচালানিরা দেশে আমদানি-নিষিদ্ধ ভারতীয় পণ্য ঢোকাচ্ছে। পরে ট্রেনে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এসব পণ্য পরিবহনে রেলওয়ে পুলিশ (জিআরপি) টাকার বিনিময়ে প্রত্যক্ষ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।চোরাচালানের সঙ্গে জড়িত একাধিক নারী জানান, দু-এক দিন পর পর রশিদের প্রতীক বদল করা হয়। তাঁরা জানান, ট্রেনে জিআরপি পুলিশের নামে লাইনম্যানদের টাকা দিতে হয়। টাকা না দিয়ে মালামাল ট্রেনে তোলা হয় না। এমনকি মালামালের বস্তা ছিঁড়ে ফেলা হয়।ফিরোজা বেওয়া ও আমেনা বেগম নামের দুজন নারী জানান, ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনে বিজিবির কড়া নজরদারি চলছে। তার পরও ট্রেনে মালামাল পরিবহনের জন্য লাইনম্যানকে টাকা দিতে হয়।সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান চোরাচালানিদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে প্রথম আলোকে জানান, কেউ যদি জিআরপি পুলিশ বা তার নামে চাঁদা আদায় করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।একাধিক যাত্রী অভিযোগ করেন, ট্রেনে বাথরুম ব্যবহার করার কোনো সুযোগ নেই। চোরাচালানিদের মালামালে বাথরুম ভর্তি থাকে। কোনো কোনো সময় ট্রেনের দরজার সামনেই মালামালের বস্তা রাখা হয়। আবদুল আজিজ নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘ট্রেনের কামরায় চোরাচালানিদের মালামাল থাকায় যাত্রীদের চলাফেরায় খুবই কষ্ট হয়। এ অবস্থার মধ্যেই লাইনম্যানরা চোরাচালানির কাছ থেকে টাকা তোলেন। অনেক সময় জিআরপি পুলিশও টাকা তোলে।’জয়পুরহাট-৩ বর্ডার গার্ড (বিজিবি) জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রথম আলোকে জানান, চোরাচালানিরা সীমান্তের শূন্যরেখায় যাতে ট্রেন থামাতে না পারে, সে জন্য বিজিবিকে হিলি সীমান্তে কড়া নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ৪৫ কোটি ১৫ লাখ ৫২ হাজার ২২৯ টাকার আমদানি-নিষিদ্ধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও হয়েছে।জয়পুরহাট রেলস্টেশনের সহকারী মাস্টার আবদুল হামিদ জানান, চোরাচালানিদের কারণে যে যাত্রীসেবা বিঘ্নিত হচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।