সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামে চোরাচালানিদের সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সংঘর্ষ হয়েছে। এতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আমীর আলী আহত হয়েছেন। একই সঙ্গে বিজিবির ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম, ইসমাইল হোসেন ও সোহাগ হোসেন জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কেঁড়াগাছী সীমান্ত এলাকা দিয়ে ৪০-৫০ জন চোরাকারবারি ফলসহ বিভিন্ন পণ্য নিয়ে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। ভোর চারটার দিকে তাঁরা সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামে পৌঁছালে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁদের থামতে বলেন। এ সময় চোরাকারবারিরা এক হয়ে বিজিবির সদস্যদের ওপর প্রথমে ইট-পাটকেল ছোড়েন এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। বিজিবিও সাতটি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে একটি ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা ছেলে হাবিবুর রহমান (৭) ও বাবা হোসেন আলী (৪৯) গুলিবিদ্ধ হন। তাঁরা স্থানীয় গ্রাম্য চিকিৎসক মফিজুল ইসলামের কাছে চিকিৎসা নেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার জানান, চোরাচালানের পণ্য আটকের সময় কলারোয়া উপজেলার বাকশা গ্রামের ময়েন হোসেন ও তাঁর ছেলে তুহিন হোসেনের নেতৃত্বে চোরাচালানিরা বিজিবির ওপর হামলা চালান। এতে বিজিবির নায়েব সুবেদার আমীর আলী আহত হন। ঘটনাস্থল থেকে ১১৩ বোতল ফেনসিডিল ও একটি ফলভর্তি নছিমন আটক করা হয়েছে। কলারোয়া থানার ওসি মো. শাহ দারা খান জানান, তিনি এ ঘটনার কথা শুনেছেন।