চোরাচালানীর হামলার পর বিজিবির গুলি, নিহত দুই
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে গতকাল মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাচালানী। এ সময় বিজিবির গুলিতে দুই চোরাচালানী নিহত হয়।
জয়পুরহাট বিজিবি-৩ সূত্রের দাবি, গতকাল রাতে পাঁচবিবির কয়া সীমান্তে রামভদ্রপুর গ্রামের কচুগাড়ি মাঠ এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। ওই দলে কয়া জিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্য ছিলেন। গভীর রাতে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসা একটি দল ওই দিক দিয়ে বাংলাদেশের ভেতর ঢুকে পড়ে। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করার চেষ্টা করেন। কিন্তু চোরাচালানকারীরা বিজিবির দলকে ঘিরে ফেলে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি ১২টি গুলি ছোড়ে। এতে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মহিদুল ইসলাম (২২) ও রানা (৩৫) নামের দুজন গুলিবিদ্ধ হন।
গতকাল রাত দেড়টার দিকে আহত দুজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ২১৪ বোতল ফেনসিডিল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছেন বলে দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট বিজিবি-৩ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাব্বির খসরু আলী প্রথম আলো ডটকমকে বলেন, চোরাচালানকারী দল বিজিবির ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছোড়ে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।