চোরাচালানের অভিযোগ চীনের নরিনকোর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাষ্ট্রায়ত্ত সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নরিনকো থেকে এসেছিল চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র। তবে চোরাচালানিদের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নয়।
ইরানের কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রির অভিযোগে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নরিনকোর অস্ত্র আমদানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউর (জেআইআর) প্রতিবেদনে এই চীনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের কাছে বিভিন্ন সময় অস্ত্র বিক্রির কথা উল্লেখ করা হয়।
চট্টগ্রামে আটক অস্ত্র চোরাচালান মামলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্তে সাক্ষ্যদানকারীদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগপত্রে নরিনকো থেকে অস্ত্র সংগ্রহের বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া আলোচিত মামলায় সাক্ষ্য দিতে এসে একাধিক সেনা কর্মকর্তা নরিনকোর কথাই উল্লেখ করেন।
বিভিন্ন সময় জেনস ইন্টেলিজেন্স রিভিউর একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে চাহিদা বেড়ে যাওয়ায় চীন সরকারিভাবে অস্ত্র বিক্রির চেয়ে বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র বিক্রি করে বেশি লাভ করেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, আলোচিত অস্ত্র মামলাটির সঙ্গে নরিনকোর নাম আসায় এ নিয়ে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে যোগাযোগ করেছিল কি না, তা পরিষ্কার নয়।
জানতে চাইলে সামরিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এম মুনীরুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় নরিনকোকে দোষারোপ করায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার্যত চীনকে দোষারোপ করা হলো। নরিনকো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় অভিযোগপত্রে নাম উল্লেখ করার আগে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না, সেটা সরকারের স্পষ্ট করা উচিত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দীন আহমেদ এ প্রতিবেদককে জানান, তদন্ত চলার সময় বিভিন্ন জনের জিজ্ঞাসাবাদে নরিনকোর নাম আসে। তখন তদন্ত কর্মকর্তাদের সঙ্গে নরিনকোর যোগাযোগ হয়েছিল। সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছিল কি না, সে সম্পর্কে তিনি অবহিত নন।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মনে করেন, যেহেতু অস্ত্র বিক্রি করাই নরিনকোর কাজ, তাই নিয়ম মেনে যে কারও কাছে সে অস্ত্র বিক্রি করতে পারে। নিজেদের এজেন্টের মাধ্যমে তারা বেশি দামে অস্ত্র বিক্রি করে বলে জানা যায়।
তদন্ত-সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নরিনকো থেকে অস্ত্র কেনা খুব কঠিন কিছু নয়। তবে অস্ত্র কিনতে হয় নির্ধারিত কিছু এজেন্টের মাধ্যমে। এসব এজেন্টের মাধ্যমে যোগাযোগের পর ‘সর্বশেষ ব্যবহারকারীর সনদ’ (এন্ড ইউজার্স সার্টিফিকেট বা ইইউসি) জমা দিলে কারখানা থেকেই প্রয়োজনমতো অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ পাওয়া যায়।
এ বিষয়ে চীনের বক্তব্য জানতে গতকাল বিকেলে ঢাকায় চীনা দূতাবাসে ফোনে ও ই-মেইলে যোগাযোগ করা হয়। তবে দূতাবাস এ ব্যাপারে কিছু জানায়নি।
নরিনকোর আদ্যোপান্ত: চীন সরকারের অনুমতির পর ১৯৮০ সালে শিল্পগোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করে নরিনকো। বেইজিংভিত্তিক প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে নিজেকে চীনের সামরিক বাণিজ্যের পুরোধা হিসেবে দাবি করে। ক্রেতার চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সরবরাহ করে থাকে নরিনকো। সমরাস্ত্র ছাড়াও জ্বালানি উৎপাদন এবং অনুসন্ধান কাজের সঙ্গেও প্রতিষ্ঠানটি যুক্ত।
ইরানের কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রির যে অভিযোগ বুশ প্রশাসন ২০০৩ সালে নরিনকোর বিরুদ্ধে এনেছিল, চীন সরকার কিংবা নরিনকো কর্তৃপক্ষ কখনো তা অস্বীকার করেনি। নরিনকোর পক্ষ থেকে শুধু বলা হয়েছিল, তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উৎপাদনে জড়িত নয়। তাই নরিনকো ওই নিষেধাজ্ঞা ‘ভিত্তিহীন’, ‘অবাস্তব’ ও ‘পুরোপুরি অযৌক্তিক’ হিসেবে অভিহিত করে।
জেআইআর-এর প্রতিবেদনে যা আছে: জেনস ইন্টেলিজেন্স রিভিউর ২০০৪ সালের আগস্ট সংখ্যায় ‘নিউ ডিটেইলস ইমার্জ অন বাংলাদেশ আর্মস হল’ শীর্ষক প্রতিবেদন লেখেন অ্যান্থনি ডেভিস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, উলফার টাকা আর নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএন-আইএম অংশের আন্তর্জাতিক অস্ত্র কেনাবেচা চক্রের সঙ্গে যোগাযোগ থাকায় চট্টগ্রামের অস্ত্র চোরাচালানের জন্য বিপুল পরিমাণ অস্ত্র জোগাড় সম্ভব হয়। ওই প্রতিবেদনে বলা হয়ছিল, এই অস্ত্র কিনতে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অর্থ জোগায়। এ অর্থ এনএসসিএন-আইএম অংশের একজন এজেন্টের মাধ্যমে হংকংয়ে পরিশোধ করা হয়েছে।
অ্যান্থনি ডেভিস ২০০৯ সালে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি এক রকম নিশ্চিত, চট্টগ্রামে যে অস্ত্র চালান আটক হয়েছে, তার মধ্যে নতুনগুলো চীনের প্রতিষ্ঠান নরিনকোতে তৈরি। এ অস্ত্র কেনার জন্য যে সনদ জমা দেওয়া হয়েছে, সেটাও ভুয়া ছিল বলে আমার মনে হয়। কারণ, আন্তর্জাতিক বাজারের অস্ত্র চোরাচালান চক্রটি অতীতেও এ ধরনের ভুয়া সনদ দিয়ে নরিনকো থেকে অস্ত্র কিনেছে বলে অনেক প্রমাণ আছে।’
২০০৮ সালের নভেম্বরে জেনস ইন্টেলিজেন্স রিভিউর ‘ফেয়ারওয়েল টু আর্মস, চেঞ্জিং ট্রাফিকিং ট্রেন্ডস’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনেও নরিনকো থেকে চোরাইপথে অস্ত্র বিক্রির বিষয়টির উল্লেখ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড-কম্বোডিয়ার পরিবর্তে চীনের সরকারি কারখানার অস্ত্র এখন বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলো সহজেই পেয়ে যাচ্ছে। ব্যাংককের নিরাপত্তা বিশ্লেষক রবার্ট কার্নিলকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন এখন সরকারিভাবে অস্ত্র বিক্রির চেয়ে বিচ্ছিন্নতাবাদীদের কাছে সরাসরি অস্ত্রশস্ত্র বিক্রি করে ভালো লাভ পেতে শুরু করেছে।