চোরাচালানের ১৩৪০ ভরি স্বর্ণ উদ্ধার, বিমান বন্দরকর্মীসহ আটক ৫
চোরাচালানের মাধ্যমে আনা এক হাজার ৩৪০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
এ স্বর্ণ চোরাচালান ও চোরাচালানে সহায়তার অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই কর্মকর্তা ও এক বিদেশি নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য পাঁচ কোটি ১৪ লাখ টাকা। আটক পাঁচজন হলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা কামরুল হাসান ও প্রকৌশল হ্যাঙ্গারের সুইপিং সুপারভাইজার আবু জাফর, ভারতীয় নাগরিক আহম্মেদ জামিল ওরফে ইরফান টুকি এবং মুহাম্মদ আলী ও হোসেন আসগর। তাঁরা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য।
গতকাল বুধবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব গত মঙ্গলবার ভারতীয় নাগরিক আহমেদ জামিলের এক হাজার ৩৪০ ভরি স্বর্ণের বারসহ বিজি ০০৯১ ফ্লাইটে বাংলাদেশে আসার এবং তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা ও কিছু কর্মচারীর সহায়তায় হোসেন আসগর ও মুহাম্মদ আলীর মাধ্যমে উত্তরার এক বাসায় পৌঁছানো হবে বলে খবর পায়।
এর ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে র্যাব-১-এর একটি দল বিমানবন্দরের কয়েকটি সম্ভাব্য বহির্গমন পথ পর্যবেক্ষণ করে। পরে জানতে পারে, চক্রটি হ্যাঙ্গার ফটক দিয়ে স্বর্ণের চালানটি উত্তরার একটি বাসায় সরিয়ে নিয়েছে। ওই বাসায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মুহাম্মদ আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণের বারগুলো সেখান থেকে তাঁদের সদস্য হোসেন আসগর মগবাজারে নিয়ে গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব মুহাম্মদ আলীকে নিয়ে মগবাজারে অভিযান চালিয়ে ওই স্বর্ণসহ আসগরকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক জামিলকে আটক করা হয়। জামিল র্যাবকে জানান, তাঁর দায়িত্ব ছিল স্বর্ণের বারগুলো হংকং থেকে বাংলাদেশে এনে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা কামরুলকে জানানো।
এ তথ্যের ভিত্তিতে কামরুলকে এবং কামরুলের তথ্যের ভিত্তিতে র্যাব বিমানবন্দরের হ্যাঙ্গার সেকশনের এয়ার ক্রাফট কেবিন স্যুইপিং সুপারভাইজার আবু জাফরকে আটক করে। জাফর স্বর্ণের চালানটি টয়লেটের ডাস্টবিন থেকে নিয়ে হ্যাঙ্গার ফটকের বাইরে মুহাম্মদ আলীকে দেন।
র্যাব জানায়, আটক মুহাম্মদ আলী আলী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালে হংকংয়ে তাঁর সঙ্গে ভারতীয় নাগরিক জামিলের পরিচয় হয়। ২০০৬ সালে কামরুল ও ২০১৩ সালে আসগরের সঙ্গে পরিচয় হয়। তাঁদের কাজে লাগিয়ে স্বর্ণ চোরাচালান করেন মুহাম্মদ আলী।
আহম্মেদ জামিল গত বছরের ৩১ জানুয়ারিও বিমানবন্দরে একটি চালান হস্তান্তর করেছিলেন। র্যাব ওই চালানও উদ্ধার করেছিল। কামরুল ১৯৯২ সালে স্নাতকোত্তর পাস করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি নেন। তাঁর মাধ্যমে মুহাম্মদ আলীর সঙ্গে আবু জাফরের পরিচয় হয়।