চোরাবালিতে আটকা পড়ে দুই মেডিকেল ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের দুই ছাত্র মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত দুই ছাত্র হলেন হাসান মোহাম্মদ সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিম (২৫)। তাঁরা এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল চারটার দিকে লালাখালের সীমান্তবর্তী জিরো পয়েন্টের কাছে একদল পর্যটক বেড়াতে যান। ওই দলে ছিলেন সাঈদ ও ইসহাক। হাঁটুসমান পানিতে নেমে হাঁটাচলা করার সময় মিস্ত্রিঘাট এলাকার কাছে হঠাৎ দুজন তলিয়ে যান। ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর দুজনকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশকে জানান, ঘটনাস্থলেই তাঁরা মারা গেছেন।
জৈন্তাপুর থানার ওসি সফিউল কবীর বলেন, নিহত দুই ছাত্রের মধ্যে সাঈদের বাড়ি ঢাকায়। তাঁর বাবার নাম হুমায়ূন রেজা। ইসহাকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ওই দুই ছাত্রের বাড়ি এবং কলেজে স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে খবর পাঠানো হয়েছে।