পচা-গলা এই সমাজব্যবস্থায় কখনোই সুবিধাবাদের চোরাবালিতে পা দেননি তিনি। জীবনের মাঝে, মানুষের মাঝে তিনি বেঁচে থাকবেন। কাজ ও নির্লোভ আদর্শের মধ্যেই বেঁচে থাকবেন তিনি। গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর সরব উপস্থিতি ছিল।
সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি ও সদ্য প্রয়াত বাদল করের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
শোকসভা কমিটির আহ্বায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আরশ আলী ওই সভায় সভাপতিত্ব করেন। এতে মূল আলোচকের বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
বাদল কর ৬ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি উদীচী সিলেটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর স্মরণসভায় বক্তারা বলেন, শোষণমুক্ত সমাজব্যবস্থা গঠনের স্বপ্ন ছিল বাদল করের। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার আস্ফালনের বিরুদ্ধে এবং শিল্প ও শিল্পের সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি আজীবন কাজ করেছেন। মানুষের মুক্তি ও সমাজ পরিবর্তনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।