চোরে না শোনে ধর্মের কাহিনি...
মাত্র চার দিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সেটি ছিল চুরির মামলা। তবে মুক্ত পরিবেশে বেশি দিন থাকতে চাননি নান্নু হাছান। আবার একই ধরনের অপরাধ করেও হয়তো কারাগারে যেতে মন সায় দেয়নি তাঁর!
এবার আর চুরি নয়, ইয়াবা রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার আবারও সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে নান্নু হাছানকে।
১০টি ইয়াবা বড়ি রাখার দায়ে নান্নু হাছানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আশরাফুল আলম এ দণ্ডাদেশ দেন।
চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া প্রথম আলোকে জানান, নন্দনকানন এলাকা থেকে ১০টি ইয়াবা বড়িসহ নান্নুকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দেন তাঁকে।
রাসেল মিয়া জানান, সাজাপ্রাপ্ত নান্নু হাছানের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মাদক, ছিনতাই, চুরি এবং হাটহাজারী থানায় ছিনতাই মামলা রয়েছে। কোতোয়ালি থানার একটি চুরির মামলায় গত সোমাবার কারাগার থেকে মুক্তিপান তিনি। নান্নু পুলিশের তালিকাভুক্ত একজন মাদক বিক্রেতা।