চোরে না শোনে ধর্মের কাহিনি
তাবলিগ জামাতের সঙ্গে মিশে ১৪ জন সদস্যকে অজ্ঞান করে আটটি মুঠোফোন ও নগদ টাকা নিয়ে পালিয়েছে অজ্ঞান পার্টির এক সদস্য।কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের পূর্ব বন্দ ডাকপাড়া জামে মসজিদে গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে মসজিদ কমিটির সদস্যরা তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছেন।স্থানীয়রা জানান, সোমবার বিকেলে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ জন সদস্যের একটি দল ওই মসজিদে আসেন। রাতের খাবার শেষ করার পর দলটির সঙ্গে আসা মো. হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি ১৪ জন সদস্যকে চেতনানাশক দ্রব্য মেশানো শরবত খাওয়ান। তাঁরা অজ্ঞান হয়ে পড়লে হাবিবুল্লাহ সবার ব্যাগ খুলে আটটি মুঠোফোনসেট ও টাকা নিয়ে রাতের কোনো একসময়ে পালিয়ে যান। গতকাল ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা তাবলীগ জামাতের ১৪ সদস্যকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে মসজিদ কমিটির সদস্যরাসহ মুসল্লিরা তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে জামাতের কয়েকজন সদস্য দুপুরে মসজিদে ফিরে আসেন।নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন প্রথম আলোকে বলেন, ‘প্রতারক হাবিবুল্লাহ কাকরাইল মসজিদ থেকে আমাদের সঙ্গে জামাতের সাথি হয়ে কেরানীগঞ্জে এসেছিল। হাবিবুল্লাহ তার বাড়ি রাজধানীর বাসাবো এলাকায় বলে আমাদের জানিয়েছিল।’