চোরের আতঙ্কে বেতাগী শহরবাসী
বরগুনার বেতাগী পৌর শহরের বিভিন্ন এলাকায় অব্যাহত চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে বাসিন্দারা। গত অক্টোবর মাসে শহরের বিভিন্ন এলাকায় তিনটি চুরি হয়েছে। এ ছাড়া নভেম্বর মাসে ১৫টি এবং ডিসেম্বর মাসে এক দিনে ৫টি চুরির ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানান।
শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুল ইসলাম অভিযোগ করেন, ‘গত অক্টোবর মাস থেকে বেতাগী শহরে একের পর এক চুরির ঘটনায় আমরা আতঙ্কিত। প্রায় প্রতিরাতে শহরের কোনো না কোনো এলাকায় চুরি হচ্ছে। এমনকি সরকারি বিভিন্ন অফিসেও চোরেরা হানা দিচ্ছে। এতে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।’
ভুক্তভোগীরা বলেন, ৫ ডিসেম্বর রাতে শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের খোকন সর্দার, আবদুল মন্নান, আবদুল ওয়াজেদ হাওলাদার, হজরত আলী, আবদুল জলিলসহ পাঁচ ব্যক্তির বাড়িতে চোর হানা দিয়ে টাকা ও মালামাল নিয়ে যায়।
এর আগে ২৫ নভেম্বর দিবাগত রাতে গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে চোর ঢুকে একটি কম্পিউটার, তিনটি মুঠোফোন ও চার্জার ব্যাটারি নিয়ে যায়। ১৯ নভেম্বর রাতে টাউন সেতুসংলগ্ন এলাকায় হুমায়ুন এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ড্রয়ার ভেঙে চার হাজার টাকা ও মুঠোফোন এবং মৎস্য বাজারসংলগ্ন ফাইভ স্টার আবাসিক হোটেল থেকে আল-আমিন নামের এক বিক্রয় প্রতিনিধির ৮০ হাজার টাকা চুরি হয়। ১০ নভেম্বর দিবাগত রাতে উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ের এজলাস ও রেকর্ড রুমের স্টিলের আলমারির পাঁচটি তালা ভেঙে অর্থ না পাওয়ায় কাগজপত্র তছনছ করে ফেলা হয়। ওই রাতেই পাশের ভূমি অফিসেও হানা দিয়ে আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজ তছনছ করে চোরেরা। ১১ নভেম্বর দিবাগত রাতে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ঘরে সিঁধ কেটে চোরেরা ঢুকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বুদ্ধদেব সমাদ্দারের বাড়িতে সিঁধ কেটে চোর ঢুকে ৩০ হাজার টাকা, স্বর্ণের একটি চেইন, আংটি এবং দুটি মুঠোফোন নিয়ে যায়। ওই দিন রাতে একই এলাকার যুগল দেবনাথ ও বিপুল দেবনাথের ঘরেও হানা দেয় চোর, তবে মালামাল নিতে পারেনি।
এর আগে ৩১ অক্টোবর দিবাগত রাতে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর রমেন চন্দ্র দেবনাথের ভাড়াটে বাড়ির গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে চোর ঘরে ঢুকে ৪৮ হাজার টাকা, স্বর্ণের ১টি চেইন, ২টি আংটি ও ১টি মুঠোফোন নিয়ে যায়। ১২ অক্টোবর দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মন্নানের বাসায় হানা দিয়ে তালা ভেঙে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন ও দুটি ট্যাব চুরি হয়। ৬ অক্টোবর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবীন খানের বাড়িতে সিঁধ কেটে চোর ঘরে ঢুকে আলমারি ও অন্যান্য স্থানের তালা ভেঙে পৌনে আড়াই ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন নিয়ে যায়। একইভাবে নভেম্বরের প্রথম সপ্তাহে পৌর শহরের লক্ষ্মণ দাস, সোহরাব মল্লিক, রাম দাস, নকুল দেবনাথ, সুখরঞ্জন দাস, আবদুল জব্বার ও শংকর দেবনাথের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়। অব্যাহত এই চুরির ঘটনায় বেতাগী শহরের বাসিন্দারা চোরের আতঙ্কে ভুগছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘হঠাৎ করে দু-একটি চুরি হয়েছিল। এসব ঘটনায় দু-তিনটি মামলা হওয়ার পর আমরা আসামি ধরেছি এবং দুটি ঘটনায় গ্রেপ্তার করা চোরেরা স্বীকারও করেছে। তবে এখন তা নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষণিক তৎপর আছি। শহরে রাতে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।’