চোরের ওপর বাটপারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইকের চালক আলতাফ হোসেন গতকাল শুক্রবার ভোরে ২৪ লিটার মদ নিয়ে সাভার থেকে যাচ্ছিলেন ঢাকার অদূরে আমিনবাজারে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পৌঁছানোর পর হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে তাঁকে আটক করেন। পরে মদ আর টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ডিবির এসআই পরিচয়দানকারী হুমায়ুন কবীরের কাছে হাতকড়া, ওয়াকিটকি ও রিভলবার ছিল। কিন্তু গোয়েন্দা পুলিশসহ ঢাকা জেলা পুলিশেও ওই নামে কোনো কর্মকর্তা নেই বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।আলতাফ হোসেন সাভার পৌর এলাকার কোটবাড়ীর বাসিন্দা। একসময় কাজ করতেন সাভারের অন্যতম মাদক ব্যবসায়ী নামাবাজারের সত্য সাহার অধীনে। বছর খানেক আগে কাজ ছেড়ে দিয়ে তিনি ইজিবাইক চালান। কিন্তু ইজিবাইকে যাত্রীর পরিবর্তে পরিবহন করেন মদ। সত্য সাহার মদের গুদাম থেকে মদ নিয়ে পৌঁছে দেন সাভারের আমিনবাজারসহ বিভিন্ন এলাকায়।আলতাফ জানান, প্রতিদিন ভোরে মদ নিয়ে আমিনবাজারে পৌঁছে দিলে এক হাজার টাকা ভাড়া পেতেন। গতকাল ভোর ছয়টার দিকে ২৪ লিটার মদ নিয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছালে এক ব্যক্তি ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁকে আটক করে সাভার থানার পাশে নিয়ে যান। ওই ব্যক্তি নিজেকে ডিবির এসআই হুমায়ুন কবীর বলে পরিচয় দেন। তাঁর কাছে হাতকড়া, ওয়াকিটকি ও রিভলবার ছিল। পরে ১২ হাজার টাকা ও মদের বিনিময়ে তিনি ছাড়া পান।যোগাযোগ করা হলে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, হুমায়ুন কবীর নামে তাঁর অধীনে কোনো এসআই বা এএসআই নেই।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, সাভার থানায়ও হুমায়ুন কবীর নামের কোনো কর্মকর্তা নেই। তিনি বলেন, কোনো প্রতারক হয়তো এ কাজ করেছে।