চোরের ছুরিকাঘাতে গৃহকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহরে চোরের ছুরিকাঘাতে এক গৃহকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম নুরুল আলম (৪৫)। এই ঘটনায় তাঁর স্ত্রীও আহত হন। বৃহস্পতিবার রাতে হালিশহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। চুরি ও গৃহকর্তা খুনের অভিযোগে পুলিশ কামরুল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে। কামরুলের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। মাদকাসক্ত এই যুবক নগরের কদমতলী এলাকায় থাকেন বলে পুলিশ জানায়। ছুরিকাঘাতে আহত গৃহকর্ত্রী তাহমিনা আরজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হালিশহর থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির বলেন, বৃহস্পতিবার দিনের কোনো এক সময় দরজা খোলা পেয়ে নুরুল আলমের আরজু ভিলার ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন কামরুল। সবাই ঘুমিয়ে পড়লে রাত তিনটার দিকে কামরুল চুরি শুরু করেন। একসময় বিষয়টি টের পেয়ে গেলে স্বামী-স্ত্রী চুরিতে বাধা দেন। এ সময় কামরুল দুজনকে ছুরিকাঘাত করেন।গুরুতর আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই আশপাশের লোকজন এসে কামরুলকে ঘর থেকেই ছোরাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। কামরুল মাদকাসক্ত বলে পুলিশ জানায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলার প্রস্তুতি চলছিল।