চোরের ছোড়া বোমায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুচোরের ছোড়া বোমার বিস্ফোরণে লতিফুন নেছা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত ওই নারীর স্বামী আক্কাস আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে তেকালা গ্রামে আক্কাস আলীর এক প্রতিবেশীর বাড়িতে একদল গরুচোর হানা দেয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পায় এবং তাদের চিৎকার শুনে আক্কাস আলী, লতিফুন নেছাসহ প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরেরা একটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি লতিফুন নেছার বুকে লেগে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং পাশে থাকা আক্কাস আলী আহত হন। আক্কাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন বলেন, নিহত লতিফুন নেছার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।