চোরের মহানুভবতা!
চুরির ১৫ দিন পর একটি ষাঁড় মালিককে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। কিন্তু ব্যক্তিটি নিজেকে নির্দোষ দাবি করেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রিকশাচালক জালাল উদ্দিনের একটি ষাঁড় ৬ ফেব্রুয়ারি রাতে চুরি হয়। এটি উদ্ধারের জন্য বিভিন্ন তৎপরতা শুরু হয়। এলাকার সন্দেহভাজন চোরদের সঙ্গেও যোগাযোগ ও তাদের বিভিন্ন প্রলোভন দেখানো হয় বলে জানান জালাল। কিন্তু কেউ চুরির বিষয়টি স্বীকার করেনি।এদিকে গত শনিবার সন্ধ্যার পর এক ব্যক্তি নিজেকে চোর পরিচয় দিয়ে জালাল উদ্দিনের কাছে ফোন করে জানায়, চুরি হওয়া ষাঁড়টি বাগমারার সীমান্তবর্তী মান্দার শিবপুরে নদীর ধারে রয়েছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার কিছু লোকজন নিয়ে সেখান থেকে ষাঁড়টি উদ্ধার করেন। এ সময় আশপাশে কাউকে পাওয়া যায়নি। পরে লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় বিলসনি গ্রামের খোরশেদ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে জালাল উদ্দিন শনিবার রাতেই খোরশেদ ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে একটি চুরির মামলা করেন।এ ব্যাপারে খোরশেদ আলম দাবি করেন, তিনি গরু চুরির সঙ্গে জড়িত নন। এর আগে চুরি করলেও অনেক দিন আগে তিনি চুরি করা ছেড়ে দিয়েছেন। তিনি গরুর মালিককেও ফোন করেননি। স্থানীয় সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন জানান, চুরি করে গরু ফেরত দেওয়া বিরল ঘটনা। তাঁর পরিষদের কয়েকজন সদস্য গিয়ে চুরি হওয়া গরু উদ্ধার করেছেন বলে জানান।বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ মামলার বিষয় নিশ্চিত করে জানান, ঘটনা তদন্তে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার খোরশেদ আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।