নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামে গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩টি পরিবারের ৬০টি ঘর ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত দুইটার দিকে গ্রামের গোলাম মোস্তফার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, ওই অগ্নিকাণ্ডে ২৩টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
গ্রামের গোলাম মোস্তফা বলেন, ‘আমি একখানা জমি বন্ধক নেয়ার জন্য গত মঙ্গল ও বুধবার দুটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ করি। ইটভাটায় কাজ করে আমার জমানো আরও পাঁচ হাজার টাকা ছিল। টাকা চুরির উদ্দেশ্যে চোরেরা আমার ঘরের সিঁধ কাটে। কিন্তু ওই ঘরে টাকা না পেয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ছাড়া চোরেরা এলাকার তিনটি নলকূপের হাতল খুলে বাঁশঝাড়ে ফেলে গেছে।’
প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, গোলাম মোস্তফার বাড়িতে চুরি করতে না পেরে চোরেরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলীসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার লোকজনের কথা শুনে মনে হচ্ছে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে। ক্ষতিগ্রস্তদের দুপুর ও রাতের খাবারের জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চার হাজার টাকা দেওয়া হয়েছে।
সাবেত আলী জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক বান্ডিল করে ঢেউ টিন, নগদ দুই হাজার টাকা ও হাঁড়িপাতিল বরাদ্দ করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।