চৌকিদারই করেন মদের ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি-ডাকাতি ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বন্ধের শপথ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চৌকিদার হিসেবে নিয়োগ পেয়েছিলেন কালু মিয়া (৪৬)। কিন্তু তিনিই করেন মদের ব্যবসা। ২৫ জানুয়ারি রাতে তাঁর বাড়ি থেকে ৬০ লিটার মদ উদ্ধার করা হলে বিষয়টি প্রকাশ পায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপ-অঞ্চল ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের একটি যৌথ দল এ মদ উদ্ধার করে। এ সময় তাঁর ছেলে শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়। পোমরা ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় প্রতিরোধসহ সব ধরনের অপরাধ দমনের শপথ নিয়ে কালু মিয়া ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের চৌকিদার হিসেবে নিয়োগ পান। আজ কালু মিয়ার বাড়ি থেকেই মদ উদ্ধার করা হলো। কালু মিয়ার যথাযথ শাস্তি হওয়া উচিত।এলাকাবাসী জানায়, পোমরা ইউনিয়নের মধ্যম নোয়াগাঁও গ্রামের শামসুল হক দফাদারের ছেলে কালু মিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার হিসেবে নিয়োগ পাওয়ার পর নানারকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েন। রাতের আঁধারে তিনি মদ বিক্রি করতেন। ২৫ জানুয়ারি অভিযানের খবর পেয়ে কালু মিয়া বাড়ি থেকে পালিয়ে যান।গতকাল বুধবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে চৌকিদার কালু মিয়া দাবি করে বলেন, ‘আমি মদের ব্যবসা করি না। এ ব্যবসা করেন আমার বোনের স্বামী মো. ছৈয়দুল হক। বোন ও বোনের স্বামী আমার বাড়িতে ঘরজামাই থাকেন।’রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, মদের ব্যবসায় জড়িত থাকার অপরাধে চৌকিদার কালু মিয়াকে বরখাস্ত করা হবে। একই সঙ্গে কালু মিয়াকে গ্রেপ্তার করা হবে।