চৌগাছায় তথ্য অধিকার ক্যাম্পের উদ্বোধন আজ
বাংলাদেশে প্রথমবারের মতো আজ শনিবার থেকে ছয় দিনব্যাপী ‘তথ্য অধিকার ক্যাম্প’ শুরু হচ্ছে। যশোরের চৌগাছা উপজেলার শহীদ মশিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মোহম্মদ ফারুক। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআই এ মেলার আয়োজন করছে।
গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক হাসিবুর রহমান সম্মেলনে লিখিত বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন এমআরডিআইয়ের খুলনা বিভাগীয় সমন্বয়ক ও স্থানীয় দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম।
হাসিবুর রহমান বলেন, এ ধরনের তথ্য অধিকার ক্যাম্প বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের মানুষকে তথ্য অধিকার বিষয়ে সচেতন করে তুলতে মাঠপর্যায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
হাসিবুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর। মেলায় দেড় হাজার সাধারণ মানুষ অংশ নেবে। উদ্বোধন শেষে সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ক্যাম্পের পরবর্তী দিনের কার্যক্রম চালানো হবে।