চৌগাছায় আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর ভোট ডাকাতির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা পৌরসভায় ‘ভোট ডাকাতি’র শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান। গতকাল বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ শঙ্কার কথা জানান।
সম্মেলনে সাইফুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দীন আল মামুন পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোট কাটার কমিটি গঠন করছেন। সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী এসব কমিটিতে ঢোকানো হচ্ছে। যে কারণে এ পৌরসভার ১০টি ভোটকেন্দ্রের মধ্যে ছয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নির্বাচনের দিন এসব কেন্দ্রে ভোট ডাকাতির আশঙ্কা রয়েছে।’
অভিযোগ অস্বীকার করে নূর উদ্দীন আল মামুন বলেন, ‘কোনো ধরনের কোনো কমিটি গঠন করা হয়নি। মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার সুযোগ তারা আমাদের দিচ্ছে না। কমিটি গঠন করব কখন?’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সাইফুর রহমান ও তাঁর অনুসারীরা অস্ত্র নিয়ে যে উগ্রভাবে ভোটের মাঠে মহড়া দিচ্ছে, তাতে আমরা শঙ্কিত। যেকোনো মুহূর্তে তারা সহিংস ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অস্ত্রের মহড়ার ছবিসহ অভিযোগ করা হয়েছে।’