চৌগাছায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় চান মিয়া (৩৪) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ একজনকে আটক করেছে। চান মিয়া ধুলিয়ানী গ্রামের শফিউদ্দীনের ছেলে। ধুলিয়ানী বাজারে তাঁর একটি স্টুডিও আছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চান মিয়া গত বুধবার রাতে উপজেলার ফতেপুর থেকে মোটরসাইকেলে ধুলিয়ানী বাজারে ফিরছিলেন। কদমতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চান মিয়াকে জখম করে। এ সময় তিনি দৌড়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেন। রাতেই ওই বাড়ির লোকজন তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, চান মিয়ার মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে পাটখেতের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ধুলিয়ানী গ্রামের রাজুকে আটক করা হয়েছে।