চৌগাছায় বিএনপি-সমর্থিত প্রার্থীকে মারধর
উপজেলা নির্বাচন চলাকালে আজ বৃহস্পতিবার সকালে যশোরের চৌগাছা উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা ছবি তুলতে গেলে তাঁদের ওপর চড়াও হও দুর্বৃত্তরা। পরে প্রশাসনের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোট গ্রহণ চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন বিএনপি-সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম। তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কেন্দ্রের অনিয়ম নিয়ে কথা বলছিলেন। হঠাত্ করে ২০ থেকে ২৫ জন লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর শুরু করেন। রক্তাক্ত অবস্থায় পরে তাঁকে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার ছবি তুলতে গেলে প্রথম আলোর ফটোসাংবাদিক এহসান মিথুন, সময় টেলিভিশনের জুয়েল মৃধা, একাত্তর টেলিভিশনের ক্যামেরাম্যান ফরহাদ হোসেন ও সমাজের কথার আলোকচিত্রী পরাগকেও পেটানো হয়। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা। ঘটনার পরপরই সেখানে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রায় দুই ঘণ্টা পর ওই কেন্দ্রে আবার ভোট গ্রহণ শুরু হয়।
বিএনপি-সমর্থিত প্রার্থীকে মারধরের ঘটনাকে ন্যক্কারজনক হিসেবে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক। তিনি বলেন, ‘জহিরুল ইসলামকে মেরে ফেলার উদ্দেশ্যে তাঁর ওপর এই হামলা চালানো হয়। কিন্তু সেখানে সাংবাদিকেরা থাকায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।’ এ ঘটনার নিন্দাও জানান তিনি।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মারধরের ঘটনা শুনে আমরা তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।’