চৌগাছায় বোমা মেরে কৃষক হত্যা, শিক্ষকসহ আহত ৬
যশোরের চৌগাছা উপজেলায় গতকাল রোববার বোমা হামলায় একজন কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া বোমার আঘাতে আহত হয়েছেন স্কুলশিক্ষকসহ ছয়জন। জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।নিহত কৃষকের নাম মোমিনুর রহমান (৩৫)। তাঁর বাড়ি উপজেলার মাঙ্গীরপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোমিনুরসহ কয়েকজন গতকাল বেলা ১১টার দিকে মাঙ্গীরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিত সেখানে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মোমিনুরের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন ছয়জন। তাঁরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আল-আমিনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।নিহত মোমিনুরের চাচাতো ভাই সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী মোমিনুরকে হত্যা করেছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কাদবিলা গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় রায় মৈত্র তাঁর দখলি ৫০ একর জমির আমবাগান কয়েক বছর আগে স্থানীয় নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাসেমসহ কয়েকজনের কাছে ইজারা দেন। ওই জমির শরিকানা (মালিকানা) দাবি করে জ্যোতির্ময়ের আত্মীয় সুশান্ত কুমার রায় তখন এতে বাধা দেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বছর দুয়েক আগে ইউপি সদস্য আবুল কাসেমের অনুসারী কাদবিলা গ্রামের বাসিন্দা আবদুর রহিম খুন হন। নিহত মোমিনুরও আবুল কাসেমের অনুসারী ছিলেন। সেই বিরোধের জেরেই তিনি খুন হলেন বলে ধারণা করা হচ্ছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলার সঙ্গে জড়িত কারা, তা উদ্ঘাটন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।