চৌদ্দগ্রাম ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ফকিরবাজার এলাকায় গতকাল বুধবার ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। একই দিন টাঙ্গাইলে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন আরেক ব্যক্তি।চৌদ্দগ্রাম থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফকিরবাজার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে গতকাল ভোরে চালভর্তি চট্টগ্রামগামী একটি ট্রাক ও ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা কয়েকজন শ্রমিক চাপা পড়েন। ঘটনাস্থলেই সুফল (৩২) ও মনোয়ার হোসেন (৪৫) নামের দুই শ্রমিক মারা যান। নিহত মনোয়ার হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামের মৃত মহসিন ও সুফল বগুড়ার সারিয়াকান্দির খোদ্দবলাইল হাসানপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই মো. শাহিন জানান, দুটি গাড়িরই চালক ও সহকারী পালিয়েছেন। পুলিশ যানবাহন দুটি জব্দ করেছে। এদিকে গতকাল দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহীমাবাদ রেলস্টেশন এলাকায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আলম আকন্দ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের হবি আকন্দের ছেলে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) হারেচ আলী মিয়া জানান, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস ওই ব্যক্তিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মাইক্রোবাসচালক রেজাউল ইসলামকে আটক ও যানটি জব্দ করেছে।