চৌদ্দগ্রাম প্রবাসী সূর্যসন্তানের উদ্যোগে হাজারো পরিবারকে খাদ্যসহয়তা প্রদান

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্যসন্তান ও ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুল এবং ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত শনিবার বিকেলে পৌরসভার ৪৫০টি পরিবার এবং উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে আরও ৫৫০টিসহ মোট এক হাজার পরিবারের মধ্যে জরুরি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ টন চাল, ৫ টন আলু, ১ টন তেল, ১ টন মসুরের ডাল, ১ টন পেঁয়াজ, আধা টন রসুন, আধা টন হলুদ ও মরিচের গুঁড়া দেওয়া হয় খাদ্যসামগ্রী হিসেবে।
চৌদ্দগ্রাম পৌরসভার এইচ জে পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জরুরি খাদ্য সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, সিনিয়র এএসপি মো. সাইফুল ইসলাম সাইফসহ সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও দেশে থাকা সদস্যরা।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মো. আবদুল কাইয়ুম (উপদেষ্টা সমন্বয়) চৌদ্দগ্রাম প্রবাসী সূর্যসন্তান ও ব্যবস্থাপনা পরিচালক বিঅ্যান্ডজি গ্রুপ, জাকির হোসেন সভাপতি চৌদ্দগ্রাম প্রবাসী সূর্যসন্তান। অনুষ্ঠান মডারেটর হিসেবে ছিলেন কামাল উদ্দিন পাটোয়ারী, ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুল এবং তানিয়া শাখাওয়াৎ ব্যাচ ৯৪ চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া এবং আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সংগঠনটি মানবতার দেয়াল ২০২০ নামে একটি প্রকল্প হাতে নেয় এবং এর অধীনে অপারেশন ডাল-ভাত নামে এই সহযোগিতা প্রদান করা হয়। চৌদ্দগ্রাম উপজেলার প্রায় ২০ দেশের প্রবাসী এতে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ফলে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে তা অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, চৌদ্দগ্রাম পৌর প্রশাসন ও চৌদ্দগ্রাম থানা–পুলিশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানে অবস্থিত চৌদ্দগ্রাম প্রবাসীদের আর্থিক অংশগ্রহণে এ উদ্যোগ সম্পূর্ণ হয়।
চৌদ্দগ্রাম প্রবাসী সূর্যসন্তান সংগঠনটি দীর্ঘদিন থেকে বেশ কিছু প্রশংসনীয় কাজ করে চলেছে। তার মধ্যে অন্যতম ছিল বিভিন্ন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কৃষি উপকরণ প্রদানসহ হাজারো শীতার্ত মানুষকে কম্বল প্রদান।