চৌদ্দগ্রামে অটোরিকশা চালককে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত মঙ্গলবার সিএনজিচালিত এক অটোরিকশাচালককে জবাই করেছে ছিনতাইকারীরা। এ সময় অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে দুই ছিনতাইকারীকে এলাকাবাসী ধরে ধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সুজন খন্দকার (২৯) নামের এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার মিয়াবাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবেশী দুই ছিনতাইকারী একটি অটোরিকশা সদর দক্ষিণের ভুশ্চি যাওয়ার উদ্দেশে ভাড়া করে। রাত সাড়ে নয়টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাইজকরা গ্রাম এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক জাকির হোসেনকে (২২) চাপাতি দিয়ে জবাই করে। জাকির সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের শাসনপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের আটক করে ধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ জাকির হোসেনের লাশ উদ্ধার করে এবং দুই ছিনতাইকারীকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে ছিনতাইকারী সদর দক্ষিণ উপজেলার আটিটি গ্রামের সুজনের মৃত্যু হয়। অপর ছিনতাইকারী একই গ্রামের কামালকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা ও একটি রক্তাক্ত চাপাতি উদ্ধার করেছে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাহফুজ জানান, এ ঘটনায় জাকিরের মামা মোহাম্মদ হোসেন দুই ছিনতাইকারীকে আসামি করে গতকাল একটি হত্যা মামলা করেছেন। গণপিটুনিতে নিহত সুজন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা এলাকাবাসীর বিরুদ্ধে এসআই রুহুল আমিন পৃথক আরেকটি মামলা করেছেন।