চৌদ্দগ্রামে অর্ধশতাধিক দোকান ভাঙচুর আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার শুভপুর ইউনিয়নের চানপুর ও পাশাকোট গ্রামের লোকজনের মধ্যে মুন্সিরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। সরেজমিন ঘুরে এবং পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে গত বুধবার বিকেলে চানপুর গ্রামের সোহাগ, নাছির ও কামরুল নামের তিন ব্যক্তি মুন্সিরহাট বাজারের মাছ ব্যবসায়ী পাশাকোট গ্রামের আবুল হাশেমকে পিটিয়ে গুরুতর জখম করে। পরদিন বৃহস্পতিবার সালিসের মাধ্যমে সাত হাজার টাকা জরিমানায় বিষয়টি মীমাংসা করা হয়। জরিমানা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চানপুর গ্রামের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিরহাট বাজারের পাশাকোট গ্রামের লোকজনকে মারধরসহ দোকানপাটে হামলা চালায়। এ সময় হামলাকারীদের গুলি ও ইট-পাটকেলের আঘাতে পাশাকোট গ্রামের আছলাম মিয়ার ছেলে কামাল উদ্দিন (২২), আবদুল খালেকের ছেলে কবির (৩০), আমির হোসেনের ছেলে নূরুল ইসলাম (৩০), আলী মিয়ার ছেলে শরীফ (২৫), মৃত রমজান আলীর ছেলে বিভুসহ উভয় গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হন।