চৌদ্দগ্রামে অস্ত্রসহ শিবিরের ২ ক্যাডার গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ জামাল হোসেন (৩৫) এবং নুরুল আলম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, এরা দুজনই ছাত্রশিবিরের চিহ্নিত ক্যাডার।র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সালাউদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় পশ্চিম ডেকরা এলাকায় তাঁদের বিশেষ গোয়েন্দা দল সন্দেহবশত আটক করা ব্যক্তিদের মোটরসাইকেলের গতিরোধ করে। তাদের দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি ৭ দশমিক ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও সাতটি গুলি পাওয়া যায়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে চৌদ্দগ্রামের ডলি রিসোর্ট হোটেলে ছাত্রশিবির এক সভা করে। এতে শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। ওই সভাকে কেন্দ্র করে ওই অস্ত্র আসতে পারে বলে নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন।জানা গেছে, নুরুল আলম ওই এলাকার জামায়াতদলীয় সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ঘনিষ্ঠ সহচর। ২০০১ সালে তিনি আলকোড়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন।তবে কুমিল্লা ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি নাসির উদ্দিন মোল্লা দাবি করেছেন, নুরুল আলম একসময় ছাত্রশিবিরের কর্মী থাকলেও এখন তাঁর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।এদিকে কুমিল্লার চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি দেশি বন্দুকসহ আলী আশরাফ (৩৫) নামের এক ব্যক্তিকে গত বুধবার রাত ১১টায় আটক করে চান্দিনা থানার পুলিশ। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ঘাগুটিয়া গ্রামে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফছার ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।