কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান, ১৫টি বসতঘর এবং দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুণবতী বাজার ও এর আশপাশের এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকেলে গুণবতী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে গুণবতী বাজারে তাকে পিটিয়ে জখম করা হয়।
অভিযোগ ওঠে, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কামরুলের ওপর হামলা চালিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০টার দিকে বাজারে আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় গুণবতী বাজারের হক মেটাল, শামীম টেলিকম, দুলাল স্টোরসহ অন্তত ১০টি দোকান, একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ছাড়া বাজারের পাশের কর্তাম গ্রামের অন্তত ১৫টি বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীন মিয়া, এএসআই জামান ভূঁইয়া, পুলিশের সদস্য মো. ইমরান, পুষ্পল মজুমদার, ফানাহ উল্লাহসহ আওয়ামী লীগ-জামায়াতের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২৮টি রাবার বুলেট ও পিস্তলের পাঁচটি গুলি ছোড়ে। রাত তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, আটক সবাই জামায়াত-শিবিরের কর্মী।
গুণবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম অভিযোগ করেন, শিবিরের ক্যাডারদের হাতে কামরুল জখম হওয়ার পর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জামায়াত-শিবিরের লোকজন আওয়ামী লীগের সমর্থকদের কয়েকটি দোকান ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির শাহাব উদ্দিন অভিযোগ করেন, তাঁদের কর্মী মো. জহির এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির অলি আহম্মেদের মার্কেট এবং জামায়াতের সমর্থকদের বাড়ি ভাঙচুর ও আগুন দেন। চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাইল মিঞা জানান, আটক ১৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।