কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১৪-১৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ আলী হোসেন নামের জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। উপজেলা যুবলীগের সভাপতি ও বাতিসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হোসেন অর্িভযোগ করেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে মুখোশ পরা ১৫-২০ জন জামায়াত-শিবির ক্যাডার অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামুকরা গ্রামের পেয়ার আহমদ, তাহের, মহিম ও রফিকের দোকান, হাবিবুর রহমান ও ইসমাইলের বাড়ি এবং পারা গ্রামের মনিরের ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা পেয়ারের ছেলে রবিউল হোসেন ও আবুল হোসেনের ছেলে রাসেলসহ পাঁচজনকে মারধর করে। তবে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির মোতাহার হোসেন বলেন, লুদিয়ারা গ্রামের ছাত্রলীগের ক্যাডার সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ওই দিন রাতে প্রথমে অস্ত্রশস্ত্র নিয়ে জামায়াত-সমর্থিত পারা গ্রামের জয়নাল, মান্নান মোল্লা ও সিঙ্গাপুর মার্কেটের শিপনের দোকানে ভাঙচুর, লুটপাট এবং সুমনের বাড়িতে হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, জামুকরা ও পারা গ্রাম দুটি মূলত জামায়াতের সমর্থক-অধ্যুষিত। পার্শ্ববর্তী লুদিয়ারা গ্রাম থেকে মাঝেমধ্যেই আওয়ামী লীগ-ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা গ্রাম দুটিতে এসে জামায়াত-সমর্থকদের হয়রানি করে। এই হয়রানিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার ওই সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত রবিউল হোসেনের বাবা পেয়ার আহমদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানায় জামায়াত-শিবিরের সমর্থক ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুল আলম ওই মামলা ও সংঘর্ষের ঘটনায় একজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।