চৌদ্দগ্রামে গৃহবধূ, মোরেলগঞ্জে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বর্ধনবাড়ী গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত বুধবার রাতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। একই রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্ধনবাড়ী গ্রামের ইমাম হোসেনের (২৮) সঙ্গে দুই বছর আগে রাজেন্দ্রপুর গ্রামের জয়নবী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। বুধবার রাতেও দুজনের ঝগড়া হয়।জয়নবীর জা কাজল বেগম জানান, ‘আমরা রাতে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ইমাম চিৎকার করে বলতে থাকে তাঁর স্ত্রী মারা গেছে। চিৎকার শুনে আমরা উঠে পড়ি।’ তবে জয়নবী কীভাবে মারা গেছেন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। জয়নবীর মা হাজেরা বেগম অভিযোগ করেন, জয়নবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে ইমাম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাস জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মোরেলগঞ্জে নিহত আলমগীর শেখের (২৮) ভাই জাহাঙ্গীর শেখ অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় চিংড়াখালী বাজারে জাহাঙ্গীরের দোকানের সামনে থেকে আলাল ও জুয়েল তাঁর ভাই আলমগীরকে ডেকে নিয়ে যান। ওই দিন রাত আটটার দিকে বাজারের কাছের একটি বাগানের ভেতর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, এ ঘটনায় জুয়েল ও আলালকে আটক করা হয়েছে।