চৌদ্দগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত বুধবার খোদেজা বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মৃত আবদুল মমিনের মেয়ে।এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচ বছর আগে উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামের সৌদিপ্রবাসী মোহাম্মদ আলীর সঙ্গে খোদেজার বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় খোদেজা বাবার বাড়িতে থাকতেন। বড় বোনের জামাই নাজমুল হক খোদেজার বৃদ্ধ মাসহ তাঁদের দেখাশোনা করতেন। পারিবারিক বিভিন্ন অজুহাতে নাজমুল হক মাঝেমধ্যে খোদেজাকে শারীরিক নির্যাতন করতেন। বুধবার বিকেলে নাজমুল হক খোদেজাকে মারধর করে হাত-পা বেঁধে আটক করে রাখেন। পরে রাতে খোদেজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে নাজমুল গ্রামবাসীর কাছে প্রচার করেন। কনকাপৈত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোনো আলামত না পেয়ে থানায় খবর দেন। পরে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে নাজমুলের স্ত্রী আম্বিয়া বেগম জানান, খোদেজা গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, রাতে খোদেজা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বললেও গতকাল সকাল থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন নাজমুল। পরস্পরবিরোধী বক্তব্যের কারণে তাঁদের কাছে বিষয়টি রহস্যজনক মনে হয়। পরে তাঁরা পুলিশে খবর দেন।