চৌদ্দগ্রামে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দুপুরে নিজের ছেলের লাঠির আঘাতে আবদুল হক (৭৪) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী শামছুকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা ভূঁইয়া বাড়ির আবদুল হক ভূঁইয়ার সঙ্গে তাঁর ছোট ছেলে শামছুল হক ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শামছুল ও তাঁর স্ত্রী জাহানার সঙ্গে আবদুল হকের প্রায়ই কথা-কাটাকাটি হতো। গতকাল দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে শামছুল একটি লাঠি দিয়ে পিটিয়ে আবদুল হকের মাথা ফাটিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ অবস্থায় শামছুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।