চৌদ্দগ্রামে জামায়াত পুলিশ সংঘর্ষে আহত ৯, যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ নয়জন আহত হয়েছেন।ভাঙচুর ও হামলায় জড়িত অভিযোগে গতকাল রাতেই সবুজ নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী, জামায়াতের নেতা ও পুলিশের ভাষ্যমতে, চারদলীয় জোটের চট্টগ্রাম অভিমুখী রোডমার্চের প্রস্তুতি উপলক্ষে গতকাল বিকেলে চৌদ্দগ্রাম বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে জামায়াত। মিছিলটি সামনে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে জামায়াতের নেতা-কর্মীদের লাঠিপেটা করে পুলিশ।জামায়াতের নেতা-কর্মীরাও উত্তেজিত হয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মাহফুজ বলেন, জামায়াতের নেতা-কর্মীরা মিছিল থেকে ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় কর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এতে চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক আবদুর রহমান, কনস্টেবল আবদুল হালিম, বিল্লাল হোসেন ও শহীদ আহত হন।জামায়াতের উপজেলা সেক্রেটারি শাহ মিজানুর রহমান বলেন, পুলিশের হামলায় পৌর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের তথ্য সম্পাদক আবদুল কাইয়ুমসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।